গুলশানের একটি ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনা তদন্ত করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এ ঘটনায় জড়িত কেউ ছাড় পাবে না। আইন আইনের মতো চলবে বলেও জানিয়েছেন তিনি। বুধবার (২৮ এপ্রিল) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। বিষয়টি তদন্তাধীন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ অপরাধ করলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হেফাজতের সাম্প্রতিক সহিংসতার ঘটনা প্রসঙ্গে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর উদ্দেশ্যেই হেফাজতে ইসলাম এই তাণ্ডব চালিয়েছিল।
হেফাজত সারাদেশে হামলা ও ভাংচুর করেছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘ভূমি অফিসে হেফাজত অগ্নিসংযোগ করেছে সেখানে জমির সব ধরনের কাগজপত্র থাকে। এর পেছনে নিশ্চয়ই উদ্দেশ্য ছিল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তারা পুলিশের বাংলো, ডিসির বাংলোয় অ্যাটাক করে, এবং পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ করে। এমনকি তারা ওস্তাদ আলাউদ্দিন খাঁ ইনস্টিটিউটেও ভাঙচুর চালায়। এগুলো একসঙ্গে মূল্যায়ন করলে তাদের মূল উদ্দেশ্য বের হয়ে আসবে।’
হেফাজতের তাণ্ডবের পিছনে উদ্দেশ্য কি ছিল তা তদন্তে উঠে এসেছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের ঘটনার পুনরাবৃত্তি ঘটনো যায় কি-না সেই উদ্দেশ্যে হেফাজতে ইসলাম সহিংসতা চালিয়েছিল বলে আমাদের তদন্তে উঠে আসছে। তাদের অবশ্যই রাজনৈতিক অভিলাষ ছিল। হেফাজতের নানা ধরনের গোপনীয় কর্মকাণ্ড আমাদের নিরাপত্তা বাহিনী খতিয়ে দেখছে।’
সহিংসতায় সংগঠনটির অর্থদাতার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হেফাজতকে যারা অর্থ দিয়ে সাহায্য করেছে তাদের বিষয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছে। কিছু কিছু উপাদান পাচ্ছি, তবে এখনই অ্যানাউন্স করতে চাই না। আরও কিছুদিন তদন্ত করে তারপর অ্যানাউন্স করব। কার অ্যাকাউন্টে কোথা থেকে কত টাকা আসছে তদন্তে বের হয়ে আসবে।’
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, ‘কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের গঠনতন্ত্রে পরিষ্কার লেখা আছে তারা কোনো রাজনৈতিক ইস্যুতে অংশগ্রহণ করবে না এবং তারা রাজনীতির ঊর্ধ্বে থাকবে। কিন্তু তারা এর উল্টা পথে হেঁটেছে। তারা রাজনৈতিক বেড়াজালের মধ্যে আটকে বিভিন্ন অপকৌশলে চিহ্নিত জঙ্গি, চিহ্নিত সন্ত্রাসী এবং রাষ্ট্রের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়।’
বাবুনগরীর মামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০১৩ সালের সহিংসতার ঘটনায় জড়িত থাকায় বাবুনগরীর বিরুদ্ধে মামলা ছিল। সে সময় তিনি আটকও হয়েছিল। পরে জামিনে মুক্তি পান। সেটা এখন কোন অবস্থায় আছে জেনে এরপর জানাতে পারব। আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, এর ব্যবস্থা নেয়া হবে। যে-ই অপরাধ করুন কাউকে ছাড় দেওয়া হবে না।’